২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ঝর্ণায় নেমে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড়ি ঝর্ণার পানিতে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নিহত সালমান জাহান বাদল বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাদল নগরীর লালখান বাজারের একটি মেসে থাকতেন। দুপুর ১টার দিকে এক সহপাঠীকে নিয়ে ক্যাম্পাসের পাহাড়ি ঝর্ণার পানিতে সাঁতার কাটতে নামেন তিনি।

ওই শিক্ষার্থী উঠে আসলেও বাদলের খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে  তার লাশ উদ্ধার করে।

কলা অনুষদের পিছনের কোনায় অবস্থিত এই পাহাড়ি ঝর্ণার পানিতে শিক্ষার্থীদের নামা নিষিদ্ধ জানিয়ে তিনি বলেন, সেখানে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ডও রয়েছে।