২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি সভা; ঝিনাইদহে ১৪৪ ধারা

জামায়াতে ইসলামী ও ঘাতক দালাল নির্মূল কমিটি একই সময়ে একই জায়গায় সভা আহ্বান করায় ঝিনাইদহ শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট ও তার সামনের বাইপাস মোড় সংলগ্ন এলাকায় বুধবার দুপুর  ২টা থেকে রাত ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার(এসপি) পংকজ ভট্টাচার্য জানান, জামায়াতে ইসলামীর জেলা কমিটি বিকাল ৩টায় শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট প্রাঙ্গণে সভা আহ্বান করে।একই সময় ওই ইনস্টিটিউটের সামনের বাইপাস মোড়ে সমাবেশের ডাক দেয় ঘাতক দালাল নির্মূল কমিটি। পাশাপাশি স্থানে দুটি সমাবেশ ডাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় সভা- সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জামায়াতের জেলা আমীর মাওলানা মুজ্জামিল হক বলেন, “জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়নে প্রতিবাদে ওই সভা আহ্বান করা হয়।সভার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও অনুমতি না দিয়ে  প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।”

আর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে বিকাল ৩ টায় শহরের বাইপাস সড়ক মোড়ে এই সমাবেশ ডাকা হয়। পাশেই জামায়াতে ইসলামী সমাবেশ ডাকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে তাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে।