বাজেট প্রস্তাব প্রণয়নে সদস্যদের মতামত চেয়েছে এফবিসিসিআই
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব প্রণয়নে সদস্য সংগঠনের মতামত নেওয়া শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সোমবার এফবিসিসিআই’র মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ সদস্য সংগঠনগুলোর কাছে চিঠি পাঠিয়ে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে মতামত পাঠাতে অনুরোধ জানিয়েছেন।
দেশের ৭৩টি চেম্বার ও ৩২৬টি অ্যাসোসিয়েশন বর্তমানে সংগঠনটির সদস্য।
ওই চিঠিতে বলা হয়, এফবিসিসিআই ইতিমধ্যে আগামী ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব প্রণয়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। আসন্ন জাতীয় বাজেটের জন্য আমদানি শুল্ক, পিএসআই, মুল্য সংযোজন কর, আয়কর ও অন্যান্য কর বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের কোন মতামত থাকলে এর পক্ষে যুক্তি তুলে ধরে তা আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এফবিসিসিআই কার্যালয়ে পাঠাতে হবে।
এছাড়া সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে কোন প্রস্তাবনা থাকলে তাও পাঠাতে অনুরোধ করা হয়েছে।
এসব প্রস্তাবনা কাগজে, সিডিতে বা ইমেইলে পাঠানো যাবে।
প্রতিবছর জাতীয় বাজেটের আগে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন দেশের ব্যবসা-বাণিজ্য ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর সরকারের কাছে কিছু প্রস্তাবনা পেশ করে থাকে।
