শেকৃবির নতুন প্রক্টর মোফাজ্জল হোসাইন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন।
তিনি অধ্যাপক হাসানুজ্জামান আকন্দের স্থলাভিষিক্ত হন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার শেকৃবির উপাচার্য অধ্যাপক সাদাত উল্লা আগামী দুই বছরের জন্য অ্যানিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগের শিক্ষক মোফাজ্জল হোসাইনকে এই পদে নিয়োগ দেন।
এছাড়া কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক নুর মো. রহমত উল্লাহকে অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
আর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অলক কুমার পালের মেয়াদ শেষ হওয়ায় তাকে চলতি দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. ইসমাইল হোসেনকে কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলীকে শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ এবং কৃষি অর্থনীতি বিভাগের অধ্যক্ষ রোকেয়া বেগমকে গবেষণা সহযোগী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।
