লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পেছাল
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন আবার পিছিয়ে দিয়েছে আদালত।
সোমবার নির্ধারিত দিনে অসুস্থতার জন্য লিমন আদালতে হাজির হতে না পারায় ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক কিরন চন্দ্র হালদার আগামী ১৯ মার্চ অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।
এ নিয়ে দশম বারের মতো এ মামলায় অভিযোগ গঠন পেছালো বলে জানান লিমনের আইনজীবী মানিক আচার্য্য।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারান। ঘটনাটি তখন সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।
র্যাব এ ঘটনায় লিমনসহ আরো সাতজনকে আসামি করে সরকারি কাজে বাঁধাদান এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দিয়েছিল।
অপরদিকে লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেন।
বর্তমানে এ মামলা তিনটির কার্যক্রম ঝালকাঠী আদালতে বিচারাধীন রয়েছে।
লিমনের আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।
“তার পক্ষে আদালতে সময় চেয়ে আবেদন করা হলে বিচারক কিরন চন্দ্র হালদার তা মঞ্জুর করে আগামী ১৯ মার্চ অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ রাখেন,” যোগ করেন আইনজীবী মানিক আচার্য্য।
মোবাইল ফোনে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের নির্যাতনের সময় তিনি বাম কানে আঘাত পান। তার উপর গত বছরের ২০ অগাস্ট ঈদের দিন বিকেলে র্যাবের কথিত সোর্স ইব্রাহিম মা-ভাই ও তার উপর হামলা চালিয়েছিল।
সেদিন ইব্রাহিমের চড়-থাপ্পড়ে কানের ব্যথা আরো গুরুতর হয়। আর এ কারণে বর্তমানে অসুস্থ ও চিকিৎসাধীন থাকায় সোমবার নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে পারেননি, বলেন লিমন।
