জবির বেদখল হল উদ্ধারে বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল ১০টি হল উদ্ধারের দাবিতে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থী।
বেলা ১২টার দিকে শুরু হওয়া কয়েক হাজার শিক্ষার্থীর ওই বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপাচার্যের কার্যলয় ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগও যোগ দেয়।
বেলা পৌনে একটার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন অবরোধ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও তাদের সঙ্গে যোগ দেন।
পরে তারা মুক্তিযুদ্ধ ভাষ্কর্যের সামনে সমাবেশে মিলিত হন।
সমাবেশে ছাত্র জোট নেতারা বলেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার সাত বছর পরও একজন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। দেড় বছর আগে শিক্ষার্থীদের আন্দোলরে মুখে হাবিবুর রহমান হলটি উদ্ধার করা হলেও আইনগত জটিলতা এখনো তার সমাধান হয়নি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। কিন্তু হল চাইলেই রাতারাতি বানানো সম্ভব না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই তারা আন্দোলনে যোগ দিয়েছেন।
