পথ শিশুদের সুরক্ষার সুপারিশ
যৌন সহিংসতা থেকে পথ শিশুদের সুরক্ষায় সুশীল সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যেগের রূপরেখা প্রণয়ণের সুপারিশ এসেছে এক সভায়।
রোববার বন্দরনগরীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকার শিশু সুরক্ষায় নানা আইন করলেও এখনও প্রতিদিন শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।
ইনসিডিন বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ. কে. এম. মাসুদ আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের গর্ভনেন্স অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগের প্রকল্প ব্যবস্থাপক জুলিয়া জ্যাকোবি, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক একরামুল কবির প্রমুখ।
বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, রেহেনা বেগম, রেখা আলম চৌধুরী, আনজুমান আরা বেগম, প্রকৌশলি দেলৈায়ার মজুমদার, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিশুর ওপর যৌন নির্যাতন এখন নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিশুরা বাসায়ও নিরাপদ নয়। পতিতাবৃত্তি কাজে নিয়োজিত দালালদের প্রথম পছন্দ শিশুরা। এই থেকে মুক্তির জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি।
কঠোর আইন প্রণয়নের পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ে সর্বস্তরের মানুষকে শিশু সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান তারা।
