২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান মালিকদের ধর্মঘটের হুমকি

পণ্যবাহী নৌযান ও যাত্রীভাড়া বাড়াতে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন নৌযান মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ধর্মঘটে যাবেন তারা।

রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক মাহাবুব উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।

এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৮ জানুয়ারি মধ্যরাত থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমায় চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আহরণকারী সব জাহাজ শ্রমিকরা  কর্মবিরতিতে যায়।

১১ জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে বিআইডব্লিউটিএ সভাকক্ষে মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বেতন ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পর ধর্মঘট প্রত্যাহার করেন নৌ শ্রমিকরা।

সেই বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে মাহাবুব উদ্দিন বলেন, “আমাদের দাবিদাওয়াগুলো এই মাসের ২৭ তারিখের মধ্যেই আলাপ আলোচনার মাধ্যমে পূরণ করা হবে- মন্ত্রীর এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমরা শ্রমিকদের মজুরি ২০ শতাংশ বাড়ানোর ব্যাপারে রাজি হই।”

“তবে এখন পর‌্যন্ত সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ না আসায় আমরা এ ঘোষণা দিতে বাধ্য হয়েছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অয়েল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সমন্বয়ে গঠিত জাহাজ মালিক সমিতি্ ঐক্য পরিষদের বিভিন্ন সদস্যরা।

তাদের অন্য দাবিগুলো হচ্ছে পণ্যবাহী জাহাজ ও যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে নতুন জাহাজের নক্সা ও নিবন্ধন বন্ধ করা, নৌপথে চাঁদাবাজি ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ, বেক্রসিং এর ক্ষেত্রে জাহাজের বয়সকাল ১৫ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা, কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অবিলম্বে ড্রেজিং এর ব্যবস্থা করা, নতুন অয়েল ট্যাংকার তৈরি বন্ধ করা ইত্যাদি।