২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল টিকিট: ট্রেন আটকে দিল চবি শিক্ষার্থীরা

ভুল টিকিট দেয়ার অভিযোগ তুলে রোববার চট্টগ্রাম রেলস্টেশনে একটি ট্রেন আটকে বিক্ষোভ করেছে চবি’র শিক্ষার্থীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

বিক্ষোভের মুখে সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রায় তিনঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

চবি গণিত বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চবি গণিত বিভাগের নয় শিক্ষার্থী তার নেতৃত্বে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যায়।

তাদের আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করা থাকলেও শনিবার সিলেটে রেল স্টেশনে গেলে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ‘অ’ বগির ১০টি আসন তাদের বরাদ্দ দেয়া হয়।

তবে ‘অ’ নামে কোনো বগি ছিল না।

গণেশ চন্দ্র বলেন, “বিষয়টি আমি সিলেট স্টেশনের ব্যবস্থাপককে জানাই। ব্যবস্থাপক আমাদের চারটি স্ট্যান্ডিং টিকিট দিয়ে ট্রেনে উঠতে বলেন এবং কুলাউড়া গেলে আসন পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন।”

তিনি অভিযোগ করেন, কুলাউড়াতেও আসন না পাওয়ায় ট্রেনে দাঁড়িয়ে আসতে হয় এবং সঙ্গে থাকা সাত ছাত্রীসহ সবাইকে পড়তে হয় ভোগান্তিতে।

সকাল পৌনে ৯টায় ট্রেনটি চট্টগ্রাম  পৌঁছালে তারাসহ বিশ্বিবিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস নামে সকালে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শিক্ষার্থীরা ট্রেন ছাড়তে বাধা দেয়ায় ট্রেনটি নির্ধারিত সময়ের তিনঘণ্টা পরে ১১ টা ৫০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ঢাকায় অবহিত করেছি।”

এ ঘটনায় সিলেট রেল স্টেশনের কম্পিউটার অপারেটর নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম।