২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ: রাষ্ট্রপতি

সংঘাত-নৈরাজ্যের পথ ত্যাগ করে সংসদে এসে নিজেদের প্রস্তাব তুলে ধরার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তিনি বলেছেন, প্রধান বিরোধী দল গত চার বছরে সংসদীয় কর্মকাণ্ডে ‘নিয়মিত অংশ না নিয়ে’ সাংবিধানিক দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ হয়েছে।

রোববার নবম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের প্রথম দিন দেয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। 

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে। তাদের অনুপস্থিতিতেই বিকাল সাড়ে ৩টার পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

সংসদ ও সরকারের সমাপনী বছরে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বয়কট ও জ্বালাও- পোড়াও-সংঘাত- নৈরাজ্যের পথ পরিত্যাগ করুন। হরতাল-অবরোধ বাদ দিয়ে আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।”

কোনো ‘বিশেষ অবস্থান’ আঁকড়ে থেকে ‘রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত জিইয়ে রাখা’ কিংবা সংসদ বয়কটে অনমনীয় থাকা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

সংসদে উপস্থাপিত রাষ্ট্রপতির ভাষণে বলা হয়, নিজেদেরকে জনগণের প্রতিনিধি ও সেবক হিসাবে গ্রহণ করলে বিরোধী দলের কর্তব্য ছিল জাতীয় সংসদে এসে তাদের দায়িত্ব পালন করা এবং সংসদের ভেতর ও বাইরে সংবিধান সংশোধনসহ প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে মতামত জানানো।

“কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রধান বিরোধী দল গত চার বছর যাবত সংসদীয় কর্মকাণ্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ থেকে বিরত থেকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

‘অতীত থেকে শিক্ষা’

রাষ্ট্রপতি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ‘ধ্বংসাত্মক’ রাজনীতি ‘একটি ভবনকেন্দ্রিক’ জনবিরোধী তপরতার জন্ম দিয়েছিল। এতে সক্রিয় হয়েছিল ‘বিভিন্ন ধরনের সিন্ডিকেট’, মাথাচড়াড়া দিয়ে উঠেছিল মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ।

“গড়ে উঠেছিল মূল ধারার অর্থনীতির মধ্যে আরেকটি অথনীতি, সরকারের মধ্যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র।”

বিএনপি-জামায়াত জোটের সেই ‘বিপথগামিতার’ কারণে ২০০৮ সালে নবম সংসদ নিবাচনে সাধারণ মানুষ তাদের বর্জন করে ‘ইতিহাস সৃষ্টি করেছিল’ বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

সেই অতীত থেকে বিরোধী দলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “অতীত থেকে আমাদের শিক্ষা নেয়া প্রয়োজন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে শুরু করেছিল প্রতিহিংসার রাজনীতি। কিন্তু বিশ্বের ইতিহাস বারবার প্রমাণ দিয়েছে, সন্ত্রাস ও ঘৃণার রাজনীতি কখনো সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না।”

নির্বাচন প্রসঙ্গ

গত বছর নতুন নির্বাচন কমিশন নিয়োগের আগে বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের বিষয়টি রাষ্ট্রপতি তার বক্তৃতায় তুলে ধরেন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন ‘উপহার দিতে’ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন।

“বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আলোচনার মাধ্যমে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, বর্তমান নির্বাচন কমিশনের প্রাজ্ঞ নেতৃত্বে ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।”

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই মানবতাবিরোধী অপরাধের সব মামলার রায় দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন জিল্লুর রহমান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় দীর্ঘ প্রতীক্ষিত রায় ইতোমধ্যে ঘোষিত হয়েছে।

“ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যায়, বর্তমান সরকারের মেয়াদকালে এ মামলাগুলোর বিচার কাজ সম্পন্ন হবে।”

‘চার বছরে অভূতপূর্ব সাফল্য’

ভাষণের শুরুতে রাষ্ট্রপতি মহাজোট সরকারের গত চার বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ মহাজোট সরকারের মন্ত্রী, সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গত চার বছরের কঠোর ও নিরলস পরিশ্রম করেছে। অনেক ক্ষেত্রেই অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য।”

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগের চার বছরের তুলনায় গত চার বছরে আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশ ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আগের সরকারের ‘অনিয়ম, দুর্নতি ও অদক্ষতা’ কাটিয়ে মহাজোট সরকার দেশকে ‘ক্ষুধা-দারিদ্র্য ও শোষণমুক্ত’ করার প্রয়াস চালাচ্ছে।

“বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাঙালি জাতিকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে। এ সুমহান প্রয়াসে আমাদেরকে অবশ্যই সফল হতে হবে”, বলেন রাষ্ট্রপতি।

বিকাল ৩টা ৫৫ মিনিটে ভাষণ শুরু করে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন  সংক্ষিপ্ত ভাষণ দেন। তার পুরো ভাষণ সংসদে পঠিত বলে গণ্য হবে বলে জানান স্পিকার।

এরপর ৩০ জানুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার।