২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল ছাড়াই সংসদ অধিবেশন শুরু

বিরোধী দলের অনুপস্থিতিতেই নবম সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টার পর দিনের কার্যসূচি শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এদিন ভাষণ দেন।

সংসদের চার বছরপূর্তিতে স্পিকার দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

স্বাগত ভাষণে স্পিকার বিরোধী দলকে আবারো সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসে জনগণের কথা বলা মাননীয় সংসদ-সদস্যদের পবিত্র দায়িত্ব।

“তাই আমি আশা করব সরকার ও বিরোধী দলের সংসদ-সদস্যগণ জন প্রত্যাশা পূরণে এবং দেশ ও জাতির কল্যাণে অব্যাহত প্রয়াস চালাবেন। সে প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমি প্রধান বিরোধী দলের মাননীয় সংসদ-সদস্যগণকে অধিবেশনে যোগ দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।

অধিবেশ শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির ২০তম বৈঠক হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ষোড়শ অধিবেশন ৬ মার্চ পর্য চলবে। অধিবেশনের সময়সীমা বাড়ানো বা কমানোর বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বৈঠকে অংশ নেন।

অন্যদের মধ্যে কমিটির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান হুইপ মো. আব্দুস শহীদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, অ্যাডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন এবং আব্দুল মতিন খসরু বৈঠকে অংশ নেন।

দিনের কার্যসূচির শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গৃহীত হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সভাপতিমণ্ডলিতে ফজলে রাব্বি মিয়া, এ বি এম গোলাম মোস্তফা, মুজিবুল হক চুন্নু, জাফরুল ইসলাম চৌধুরী ও এথিন রাখাইনকে মনোনীত করা হয়।

এরপর আইনমন্ত্রীর তিনটি অধ্যাদেশ উপস্থাপন শেষে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণ শেষে ৩০ জানুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার।