কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য এনামূল হক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শনিবার গভীর রাতে মিরপুর উপজেলার হিদিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।
ভেড়ামারা-মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সি এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ জানতে পারে, জনযুদ্ধের সদস্য এনামূল দলবল নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হিদিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থান করছে। রাত ২টার দিকে কুষ্টিয়া ডিবি ও মিরপুর থানা পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়।”
“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এনামুল গুলিবিদ্ধ হন। অবস্থা বেগতিক দেখে অন্যরা পালিয়ে যায়।”
গুরুতর আহত এনামূলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা হালিম জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি লাইট গান, চারটি হাতবোমা, রাইফেলের গুলি ও বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিহত এনামূল মিরপুর উপজেলার মোছাইনগর গ্রামের মৃত রাফেজ মণ্ডলের ছেলে।
তার বিরুদ্ধে নওদা আজমপুরে তিন খুনসহ চারটি হত্যা মামলা এবং অস্ত্র ও বিষ্ফোরক আইনে মিরপুর থানায় নয়টি মামলা রয়েছে বলে জানান মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান।
এনামূলের লাশ শনিবার রাতেই কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
