২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিএসআর কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে’

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বা ‘করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি’ (সিএসআর) এর আওতায় পরিচালিত কর্মকাণ্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন বেসরকারি ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের নারীদের কর্সংস্থান, শিক্ষার সুযোগ ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা হয়েছে।

শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সিএসআর অভিজ্ঞতা বিষয়ক প্রকাশনা ‘ভিশন ফর এ নিউ বন্ডিং/ নব সংযোগ’-র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব অভিমত তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রমে নিয়োজিত অর্থ দিয়ে একটি সমন্বিত তহবিল গঠন করে উন্নয়ন কার্ক্রম পরিচালনার সম্ভাবনা নিয়েও চিন্তাভাবনা করার পরামর্শ দেন একজন অর্নীতিবিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সামজিক দায়বদ্ধতার ধারণাটি একটি প্রাতিষ্ঠানিক রূপের দিকে এগুচ্ছে। সরকার, ব্যবসায়ী সম্প্রদায় এবং বেসরকারী সংস্থাসমূহের উন্নয়ন কার্যক্রমের মাঝে সমন্বয় সাধনের এখনই উপযুক্ত সময়।

তিনি বলেন, “ছড়ানো-ছিটানোভাবে কাজ করার চেয়ে একটি তহবিল গঠন করে তা ব্যবহার করা গেলে তা আরো বেশি ফলপ্রসূ হবে।”

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, গত কয়েক বছরে বিশেষ করে ব্যাংকিং খাতে সিএসআর কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কিছু পদক্ষেপের কারণে ব্যাংকসমূহে সিএসআর কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পদ্ধতিগত অগ্রগতিও সাধিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান বলেন, সিএসআর’র টেকসই ও দৃশ্যমান সাফল্য এবং এর সুফল উদ্দিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার জন্য একটি কৌশলগত ও সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে কিছু ব্যবসায় প্রতিষ্ঠানের সিএসআর কার্ক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী আনিস এ খানসহ আরো অনেকে।