নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক
যৌন নিপীড়নসহ নারীর প্রতি সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিতে চট্টগ্রামে একাধিক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে এর বিরুদ্ধে দ্রুত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানবাধিকার কল্যাণ সংস্থা ওই মানববন্ধনে সংহতি প্রকাশ করে।
সমাবেশে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের নির্বাহী প্রধান নূর নবী দুলাল, নির্বাহী পরিচালক সমীর চৌধুরী, মানবাধিকার কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হক চৌধুরী, মহাসচিব মফিজুল হক ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের পক্ষ থেকেও নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পৃখক কর্মসূচি পালন করা হয়।
খেলাঘর নগর কমিটির আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে এক মৌন মিছিল বের করা হয়। নগরীর ডিসি হিল থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনার যথাযথ তদন্ত প্রতিবেদন প্রকাশ হয় না এবং অনেকক্ষেত্রে তা প্রকাশে দেরি করা হয়। নারী নির্যাতনকারীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যায়।
এ কারণেই নারী ও শিশু নির্যাতন প্রতিনিয়ত বেড়ে চলছে বলে মনে করেন বক্তারা।
নারী নির্যাতন প্রতিরোধে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানান তারা।
সমাবেশে খেলাঘরের সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, অধ্যাপক শিব প্রসাদ, রিপন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
