২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা: পাহাড়ে অবরোধের ডাক

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও রাঙামাটির কাউখালীতে স্কুলছাত্রী তুমাচিং মারমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন পাহাড়ের নারীরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তুমাচিংয়ের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিকালে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম।

একই দাবিতে রোববার ওই তিন পার্বত্য জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের এই নারী সংগঠনটি।

বান্দরবান: বিকাল সাড়ে ৩টায় রাজার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা বান্দরবান শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সমাবেশ হয় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে।

সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলী, অংচমং, জোহরা বেগমসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা।

বক্তারা অবিলম্বে তুমাচিং মারমার ধর্ষক ও হত্যাকারীকে গ্রেপ্তারসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

রাঙামাটির কাউখালী উপজেলায় গত ২১ ডিসেম্বর ৮ম শ্রেণির ছাত্রী তুমাচিং মারমাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা।

রাঙামাটি: শনিবার সন্ধ্যার দিকে অবরোধ কর্মসূচির সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

মিছিলটি নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে নিউমার্কেট এলাকায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্যে রাখেন- নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম’র আহ্বায়ক টুকু তালুকদার, সংগঠনের নেতা কনিকা বড়ুয়া, শামিমা রহমান প্রমুখ।

খাগড়াছড়ি: অবরোধ কর্মসূচির সমর্থনে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে উইমেন্স রিসোর্স নেটওয়াক, দুর্বার নেটওয়াক ও বাংলাদেশ আদিবাসী নেটওয়ার্ক।

সংবাদ সন্মেলনে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের জন্য পার্বত্যবাসীর প্রতি আহবান জানানো হয়।

এতে বক্তব্য রাখেন নারীর প্রতিসহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্রগ্রামের রাঙামাটি জেলার যুগ্ম আহবায়ক লালসা চাকমা।