গণমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কা সুলতানা কামালের
রাজনৈতিক সহিংসতা বাড়লে দেশের গণমাধ্যমগুলোতে নিয়ন্ত্রণ আরোপ হতে পারে বলে আশঙ্কা করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
শনিবার সিলেটে তিনি বলেন, “দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে প্রধান দলগুলো সমঝোতায় না এলে সামনের দিনে তা আরো সংঘাতপূর্ণ হতে পারে। আর রাজনৈতিক সহিংসতা বাড়লে দেশের গণমাধ্যমগুলোতে নানা মাত্রায় নিয়ন্ত্রণও আরোপ হতে পারে।”
এ সরকারের আমলে একটি চ্যানেল বন্ধ করে দেয়া ও বিরোধীদলের অনুষ্ঠান সম্প্রচারকালে বেসরকারি টেলিভিশনের সম্প্রচারে ‘বাধা’ দেয়ার বিষয়টি উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, সরকার এসব বিষয়ে তাদের ভুল স্বীকার না করে জোর গলায় বলেছে, তারা যা করেছে ঠিক করেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর অনিয়মের কারণে ২০১০ সালের ২৭ এপ্রিল বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধ করে দেয় বিটিআরসি।
এছাড়া গত বছরের ১২ মার্চ নয়াপল্টনে বিরোধীদলের সমাবেশ সরাসরি দেখানোর সময় বাংলাভিশন, ইটিভির সম্প্রচার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দুটি অভিযোগ করে।
তবে তখন বিটিআরসি কর্তৃপক্ষ বলেছিল, তারা কারো সম্প্রচারে বাধা দেয়নি। যদি সেরকম কিছু হয়ে থাকে তবে তা যান্ত্রিক ক্রুটির কারণেই হয়েছে।
এ সময় মানবাধিকার নেত্রী আরো বলেন, বর্তমান সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা বাধা আসছে। বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমছে। মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, পিঠিয়ে মানুষ মারা হচ্ছে।
সরকারি নানা নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার কমিশন তাদের দক্ষতা, যোগ্যতা ও স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের এ চেয়ারম্যান।
এ সময় সুলতানা কামাল মানিকগঞ্জের আরিচায় চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের প্রতিবাদে মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান, মেট্রোলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন প্রমুখ।
