২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষত’ নিয়ে ফিরলেন তসলিমা

পরিবারের অভাব-অনটন ঘোচাতে দালাল ধরে গৃহকর্মী হিসেবে লেবাননে গিয়েছিলেন তসলিমা বেগম। প্রায় দেড় বছর কাটিয়ে দেশে ফিরেছেন, তবে স্বচ্ছলতার বদলে নির্যাতনের ‘ক্ষত’ সঙ্গী হয়েছে তার।

আশিক হোসেন

ও গোলাম মুজতবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছান ফরিদপুরের দশ হাজার গ্রামের ফারুক মোল্লার স্ত্রী তসলিমা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রবাস জীবনের নির্মম অভিজ্ঞতার বর্ণনা দেন তিনি।

অমানবিক পরিশ্রম করেও টিকে ছিলেন। কিন্তু হঠাৎ একদিন সিঁড়ি থেকে পড়ে কোমরে ব্যাথা পাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বাড়ি ফিরতে চাইলে নিয়োগকারী সংস্থার নির্যাতন চলে তার ওপর। অবশেষে ব্যুরো অব ম্যানপাওয়ার এম্প্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) এমজিএইচ প্রকল্পের সহায়তায় দেশে ফেরেন তিনি।

প্রবাস জীবনের নির্যাতনের বর্ণনা দিয়ে তসলিমা বলেন, “ওরা যে কাজ করাতো তাতে আমার খুব কষ্ট হতো। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে হতো। আর বেতন মাত্র একশ’ পচিশ পাউন্ড। সবার বেতন দুইশ পাউন্ড, অথচ আমাকে কম দিতো। খুব কষ্ট কেরেছি, খুব পরিশ্রম করেছি। কিন্তু আমার বেতন বাড়ায়নি।”

“কাজ শেষ করতে না পারলে কখনো কখনো মারধরও করতো।”

তসলিমা বলেন, লেবাননে যাওয়ার এক মাস পার হওয়ার পর একদিন কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে কোমরে ব্যাথ্যা পান তিনি।

“আমার প্রথম মালিক (যে বাসায় প্রথম কাজ শুরু) আমাকে হসপিটালে নিলে আমি খুব কান্না-কাটি করি। তখন তারা (মালিক) আমাকে নিয়োগকারী সংস্থার অফিসে গিয়ে আমাকে দেশে ফেরত পাঠাতে বলে।কিন্তু তার বদলে আমার সেই অফিস আমার উপর শারীরিক নির্যতন চালায়।

“আমি যখন দেশে ফেরত আসতে চেয়েছি। অফিস থেকে হুমকি দেয়, তুমি যদি ওই বাসা থেকে চলে আসো তাহলে তোমাকে আমরা অফিসে নিয়ে এসে মারবো। একদিন অফিসে যাওয়ার পরে আমাকে মারধরও করেছে।”

এতো নির্যাতন সহ্য করার পরেও পুরো পারিশ্রমিক পাননি বলে জানান তসলিমা।

মোট দুই লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তাকে একলাখ পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানান তিনি।

“১৫ মাস কাজ করে তের মাসের বেতন পাইছি। ‍দুই মাসের বেতন দেয়নি কারণ, এই বাড়িতে কাজ করাইছে ৫ দিন, আরেক বাড়ি আট দিন আবার অন্য বাড়িতে ১০ দিন রাখছে। এই রকম করে দুই মাস কাটাইছে।”

সবমিলিয়ে ১০ মাস এক জায়গায় এবং পাঁচ  মাস ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় কাজ করেছেন বলে জানান তিনি।

মালিকের আচরণ সম্পর্কে তিনি বলেন, “আমি যে বাসায় থাকতাম, তারা বাঙালি বললেই ঘৃণা করতো। তারা যখন খাইতো আমাকে ঢুকতে দিতো না। বলতো তুই বাইরে যা, আমরা খেয়ে নিই তুই পরে ঢোক।”

লেবাননে নিয়োগকারী সংস্থার নাম জানতে চাইলে তা বলতে পারেননি তসলিমা।

তবে ওই সংস্থার অফিস সায়দা শহরে বলে জানান তিনি।

“অফিসে এক মহিলা, আরবি মহিলা আছেন। তিনি দেখতে ডাকাতের মতো, আমাকে অনেক মারধর করেছে।দেশে ফেরার চাইলে হুমকি দিয়ে বলেছে, এ বাসায় থাকলে থাকবা নাইলে মাইরা তোমার লাশ আমি দেশে পাঠায় দিবো।”

ভবিষ্যতে আবার বিদেশে কাজ করতে যাওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ওই জায়গায় থাকার পরে আমার আর কোনো আগ্রহ নাই। আর যদি যেতেই হয় তাহলে দালালের মাধ্যমে যাবো না, সরকারিভাবে যাবো।”

তিনি জানান, ফরিদপুরের এক দালাল আর লেবাননের এক দালালের মাধ্যমে তিনি লেবাননে যান। হালিমা নামের গাজীপুরের এক নারী যিনি লেবাবননে থাকেন তিনি তাকে ভিসা দেন।

“হালিমার সাথে আমার পরিচয় হয় ফরিদপুরের দালাল তোফার মাধ্যমে। তোফার স্ত্রী লেবাননে থাকে। এখনো আছে। স্ত্রীর মাধ্যমেই তোফা তার ব্যাবসা চালায় করে।”

লেবাননে তোফার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা পাশাপাশি ছিলাম। অনেক কান্নাকাটি করছি তার  কাছে। আমাকে অফিসে নিয়ে এসে মারধর করলে আমি বলেছি, ভাবি আমাকে এভাবে মারধর করছে। সে বলে তোমারে অন্য বাসায় কাজে দিবে। তুমি ভালো হলে থাকো, মন্দ হলেও থাকো। তোমাকে তিন বছর থাকতেই হবে।”

লেবাননে গৃহকর্মী হিসেবে যাওয়া অন্য নারী অভিবাসীদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ থেকে যে সব কাজের মহিলা নেয় তাদের খুব মারধর করে। খাওয়া-দাওয়ারও খুব কষ্ট দেয়।

“আমরা কাজ করতাম। আর মুখ বুজে থাকতাম।”

স্ত্রীকে নিতে বিমানবন্দরে আসেন ফারুক মোল্লা।

“ভেবেছিলাম ওকে ফিরে পেতে অনেক সময় লাগবে। কিন্তু সরকারের সহযোগিতায় সুস্থ অবস্থায় ওকে ফিরে পেয়েছি। দুই ছেলে-মেয়ে আকাশ আর মিতুও মা’র ফিরে আসার খবরে খুব খুশি হয়েছে।”