আইইবি কনভেনশনে ‘যাচ্ছেন না’ খালেদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৪তম কনভেনশনের উদ্বোধন করবেন।
শুক্রবার আইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর জানান, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
“প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আর বিরোধী দলীয় নেতা সমাপনী অধিবেশনে উপস্থিত থাকেন- এটা আমাদের কনভেনশনের রেওয়াজ।”
তবে শারীরিক অসুস্থতার কারণে এবার খালেদা জিয়া সমাপনী অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না বলে সংবাদ সম্মেলনে জানান আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা।
তিনি জানান, ২৩ জানুয়ারি কনভেনশনের কার্যক্রম শুরু হলেও শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ন্যাচারাল রিসোর্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’।
কনভেনশনে শুক্রবার বিকালে ‘প্রকৌশলী ড. এম এ রশীদ স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এতে প্রধান অতিথি থাকবেন।
শনিবার দুপুরে ‘শহীদ প্রকৌশলী স্মৃতি বক্তৃতা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী এনামুল হক।
এছাড়া বিকালে ‘ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক ফিয়েস্কা সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার সকাল ১০টায় ‘ইউটিলাইজেশন অব ন্যাচরাল রিসোর্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।
অন্যদের মধ্যে আইইবির ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান ও চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ হারুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
