না’গঞ্জে পিটুনিতে ‘ডাকাত’ নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও এলাকায় এ ঘটনা নিহত ব্যক্তির (২৫) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও এলাকায় বাসচালক কাজল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
“এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা কাজলের বোন রোজি আক্তারকে (৩০) কুপিয়ে আহত করে। তখন এলাকার লোকজন ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান,” বলেন তিনি।
পরে পুলিশ গ্রামের রোকনউদ্দিন মোল্লার পরিত্যক্ত ভিটা থেকে ওই ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহত ডাকাতের পরনে ছিল টি শার্ট ও প্যান্ট। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
