নুরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা এক শোকবার্তায় চিকিৎসার পাশাপাশি সমাজসেবার নুরুল ইসলামের অবদান স্মরণ করেন।
অধ্যাপক নুরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। সর্বশেষ চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্যের দায়িত্বে ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল।
তিনি এই চিকিৎসকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
