জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম নেই
প্রখ্যাত চিকিৎসক, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
অধ্যাপক নুরুল ইসলাম চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উপাচার্য ছিলেন। তিনি এর প্রতিষ্ঠাতাও।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যু হয়।
নুরুল ইসলাম বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নুরুল ইসলামের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক নুরুল ইসলামকে দেশে ধূমপানবিরোধী আন্দোলনের পথিকৃৎ বলা হয়।
তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি গড়ে তোলেন ‘আধূনিক’ (আমরা ধূমপান নিবারণ করি) সংগঠনটি।
অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
নুরুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রামে। ১৯৫১ সালে কলকাতা থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নেন তিনি। পরে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি নেন।
অধ্যাপক নুরুল ইসলাম ১৯৬৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পিজি হাসপাতালের (বর্তমানে বিএসএমএমইউ) অধ্যাপনা করেন। হাসপাতালের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।
এছাড়া বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলেন তিনি, এর অনেকগুলোর প্রতিষ্ঠাতাও ছিলেন মেডিসিন বিভাগের এই চিকিৎসক।
তামাকের ক্ষতিকর দিক নিয়ে বহু লেখা রয়েছে নুরুল ইসলামের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চিকিৎসা সাময়িকীতে তার প্রকাশিত নিবন্ধ শতাধিক।
কাজের স্বীকৃতি হিসেব অসংখ্য পদক ও সম্মাননা পান এই চিকিৎসক। ১৯৯৭ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন বরেণ্য এই চিকিৎসক ও সমাজসেবক।
