মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ আহত
‘মাদক ব্যবসায়ীদের’ হামলায় বরিশালে দুই গোয়েন্দা পুলিশ আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রুপাতলীর নতুন আবাসিক এলাকায় এ হামলায় আহত হন সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির এবং কনস্টেবল মো. সাইদ।
আহত কনষ্টেবল মো. সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তাদের একটি দল আবাসন এলাকায় থেকে নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন মোল্লার বোন শিল্পী বেগম এবং ভগ্নিপতি বাচ্চুর বাসার সামনে থেকে মাদকসহ মামুন নামের এক ব্যবসায়ীকে আটক করেন।
‘এ সময় বাচ্চু ও শিল্পীসহ কয়েকজন এসে তাদের উপর হামলা করে ফেন্সিডিল ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।’
সাইদ আরো বলেন, হামলার কারণে ওই তিন জনকে আটক করলে মাদক ব্যবসায়ী সুমন মোল্লা এবং জাকির মোল্লাসহ ১০/১২ জন এসে তাদের মারধর করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় আটক করা হয় ‘মাদক ব্যবসায়ী’ জাকির মোল্লা, মো. বাচ্চু, মো. মামুন ও শিপ্লি বেগমকে।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আটক ৪জনসহ ১৫/২০ জনের নামে সরকারী ও মাদক উদ্ধার কাজে বাধা দেয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে মামলা করেছেন।
