২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের বেতন বৃদ্ধি আরো পেছাল

নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো এক মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে আগামী ২৪ ফেব্রয়ারি পর্যন্ত সময় বাড়ান। ২০০৯ সাল থেকে এভাবেই সময় নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অর্থ সচিব ফজলে কবির স্বাক্ষরিত একটি অব্যাহতির আবেদন আদালতে দাখিল করেন।

ওই প্রতিবেদনের সঙ্গে যুক্ত প্রজ্ঞাপনে ‘জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০০৭’ এর সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সুপারিশ দেয়ার জন্য আট সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠনের কথা জানানো হয়।

প্রধান বিচারপতি এ সময় বলেন, “আমরাতো আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলেছিলাম। আপনারা এটা কী করেছেন? এর মাধ্যমে তো আপনারা আমাদের আদেশ মডিফিকেশন করেছেন। আমরা এটা বলেছি নাকি? আমরা বার বার আদেশ দিচ্ছি, কিন্তু এরপরও আপনারা সেটা বাস্তবায়ন করছেন না। এটা কিসের আলামত?

“সুপারিশতো পে কমিশনই করে দিয়েছে। এখন সেই সুপারিশের উপর কেন সুপারিশ করতে হবে।”

আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, “আমরা আদেশ দিয়েছি। এটা পুনর্বিবেচনা বা বিচ্যুতির কোন অবকাশ নেই। এটা এখন বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো সুযোগ তো এখানে নেই।”

বাদীপক্ষের শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।

আদেশ দেয়ার আগে প্রধান বিচারপতি বলেন, “আমরা আদেশ দেই, আর আপনারা এটাকে বাইপাস করার জন্য একের পর এক ডিভাইস বের করেন। এবার আপনাদের আবার সময় দিচ্ছি। এবার কোনো কমিটি করে বিষয়টিকে জটিল করার চেষ্টা করবেন না। আপনাদের কাজ আমাদের আদেশ বাস্তবায়ন করা। এবার বাস্তবায়ন না করলে আমরা ভিন্ন কিছু চিন্তা করব।

এ সময় আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা বলেন, এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের শুভ বুদ্ধির উদয় হবে বলেই তিনি আশা করছেন।

এরপর আদেশে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায় দেয়। মাসদার হোসেন মামলার ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।

ওই রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে ততোদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।

ওই রায়ের আলোকে গঠিত হয় পে কমিশন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা বাড়ানোসহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ চূড়ান্ত করে। যা একইমাসে সরকারের কাছে পাঠানো হয়।

সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। এরপর গত বছরের ১ অক্টোবর, ৪ নভেম্বর, ৩ ডিসেম্বর, এবং বছরের ১০ জানুয়ারি সময় বাড়ায় আদালত।

শুনানির এই সব দিনে নিম্ন আদালতের বিচারিক কর্মকর্তারাও আপিল বিভাগে উপস্থিত ছিলেন এবং ধারাবাহিকভাবে উপস্থিতি বেড়েছে।

বৃহস্পতিবার এ মামলার শুনানি থাকায় সকাল থেকেই আপিল বিভাগ ছিল ভরপুর। উচ্চ আদালতের সবচেয়ে বড় এই বিচারকক্ষে এ ধরণের দৃশ্য কমই দেখা যায়।

নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানান, সরকার আরো ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শতকরা আরো ত্রিশভাগ বাড়ানো হয়েছিল।