রাজবাড়ীতে শিবিরের মিছিল, আটক ৯
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে নয় জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, জামায়াত নেতাদের মুক্তির দাবিতে রেলস্টেশন চত্বর থেকে মিছিলের পর সন্দেহভাজন হিসাবে তাদেরকে আটক করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঝটিকা মিছিলটি রেলস্টেশন থেকে শুরু হয়ে বাজার হয়ে মাছবাজার সড়ক দিয়ে চলে যায়।
পরে পুলিশ রেলস্টেশনে গিয়ে শিবির কর্মী সন্দেহে ৯ জনকে আটক করে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।
আটককৃতদের মধ্যে রাসেল ও শহিদুল নামের দুজন জানান, তারা শিবিরের সঙ্গে জড়িত নন। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাদের ধরে আনা হয়েছে।
এদিকে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলায় দুই জামায়াত নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান চৌধুরী (৪৫) ও ইউনিয়ন নেতা মোহাম্মদ জাকারিয়া (২৫)।
শহরের শ্রীপুর এলাকায় গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় দুই জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার এসআই নজরুল ইসলাম খান।
