অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
অপহৃত এক ব্যবসায়ীর লাশ রাজধানীর রমনার একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রেজাউল করিম চাঁন মিয়া (৩৮) নামে ওই ব্যক্তি আশুলিয়ার দুটি হোটেলের মালিক। গত শনিবার তিনি অপহৃত হন বলে তার পরিবার জানিয়েছে।
রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে রমনার হোটেল আকসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে চাঁন মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ডলি বেগম মর্গে সাংবাদিকদের জানান, শনিবার ভোরে আশুলিয়া থেকে ঢাকায় আসার পর অপহৃত হন চাঁন মিয়া।
তিনি বলেন, অপহরণের পর তাদের মোবাইলে কল করে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকা তাদের পাঠানো হয়।
“ওই টাকার মধ্যে দুবৃর্ত্তরা ১ লাখ ৮০ হাজার টাকা উঠিয়েও নেয়।”
এর মধ্যেই চাঁন মিয়ার স্বজন মন্টু শেখ রমনা থানায় একটি অপহরণের মামলা করেন।
স্বজনদের সঙ্গে দৃর্বৃত্তদের কথোপকথনের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ওসি শাহ আলম জানান, চাঁন মিয়া আশুলিয়ার কাঁঠালিয়ায় ভাই ভাই ও মায়ের দোয়া হোটেল চালানো ছাড়াও জমি বেচা-কেনার সঙ্গে জড়িত ছিলেন।
মুক্তিপণ দিয়ে চাঁন মিয়াকে উদ্ধারের জন্য কোনো চেষ্টা করা হয়েছিল কি না- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, “মুক্তিপণ দিয়ে ফাঁদ পাতার কোনো সুযোগ পুলিশ পায়নি।”
