২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমরাস্ত্র কেনার ঋণচুক্তি প্রকাশের দাবি বিএনপির

সমরাস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে সরকারের ঋণচুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আমাদের প্রশ্ন- কোন যুক্তিতে এবং কেন সরকার অস্ত্র কেনার জন্য রাশিয়া থেকে উচ্চ সুদে ঋণচুক্তি করেছে, তা জনগণের জানার অধিকার আছে। তাই এই চুক্তির সব তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি করছি।’’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তির বিষয়ে সরকার এখনো কোনো উত্তর দেয়নি। সশস্ত্র বাহিনী বিভাগ গতকাল [সোমবার] একটি সংবাদ সম্মেলন করেছে। তাদের এই সংবাদ সম্মেলনই যথেষ্ট নয়। সরকারের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়েছে, সরকারকেই এ বিষয়ে জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় গত ১৫ জানুয়ারি ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ঋণের অর্থে ওই দেশ থেকে সমর সরঞ্জাম কিনবে বাংলাদেশ।

শেখ হাসিনার ওই সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সাতটি সমঝোতা স্মারক সই হয়।

রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার ঋণচুক্তি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে সোমবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানিয়েছে সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র কেনার ঋণচুক্তির শর্তগুলো বেশ ‘নমনীয়’ এবং প্রক্রিয়াটি ‘স্বচ্ছ’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওই সংবাদ সম্মেলনে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সাইফুল হক বলেন, এই ঋণের বার্ষিক সুদ হবে ৪ দশমিক ৫ শতাংশ। ২০১৮ সালের ১৫ এপ্রিল থেকে ঋণ পরিশোধ প্রক্রিয়া শুরু হবে, যা ২০টি ধাপে পরবর্তী ১০ বছরের মধ্যে শেষ হবে।

এর চেয়ে বেশি সুদে এর আগেও অন্য দেশ থেকে অস্ত্র কেনা হয়েছিল বলে জানান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল। তবে গোপনীয়তার ‘স্বার্থে’ এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর উদ্যোগে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মওদুদ দাবি করেন যে, রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে সরকার ‘গোপনীয়তা’ অবলম্বন করেছে। এই চুক্তির বিষয়ে সরকার মন্ত্রিসভায় আলোচনা করেনি। এমনকি দলীয় ফোরাম ও জাতীয় সংসদেও কোনো আলোচনা হয়নি।

সাবেক এই আইনমন্ত্রী মনে করেন, রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার সঙ্গে ‘আন্তর্জাতিক রাজনীতি’ জড়িত রয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, সরকার জনগণকে না জানিয়ে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আন্তর্জাতিক নানা চুক্তি করে চলেছে। এর আগেও সরকার সংসদকে পাশ কাটিয়ে ট্রানজিটের বিষয়ে ভারতের সঙ্গে ‘গোপন চুক্তি’ করেছে। ওই চুক্তিও সংসদে উপস্থাপন করা হয়নি।

দলের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ ভাসানীর মহাসচিব আবু হামিদুর রেজা খান ভাসানী, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।