২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ছোট বাহিনী প্রধান নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু ছোট বাহিনী প্রধান জাকির হোসেন ওরফে ছোট নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভেদাখালী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে জানান র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী।

সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনদস্যু ছোট বাহিনীর প্রায় ত্রিশ সদস্যের একটি দল ভেদাখালী খাল এলকায় বনে নিজেদের আস্তানায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল সকাল ১০টার দিকে সেখানে যায়। এ সময় দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষে প্রায় কুড়ি মিনিট গোলাগুলির পর দস্যুরা পিছু হটে গভীর বনে ঢুকে গেলে র‌্যাব ঘটনাস্থল তল্লাশি করে জাকিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

এছাড়া সেখান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত জাকির হোসেন ছোট (৩৮) বনদস্যু আমজাদ বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং এক বছর আগে নিজ নামে একটি বাহিনী গঠন করে জেলেদের অপহরণসহ বিভিন্ন অপরাধ করতে থাকেন বলেও র‌্যাব জানায়।

এ বিষয়ে শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বন্দুকযুদ্ধের খবর পেয়ে উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।