সিরাজগঞ্জে ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার বেতিল দায়রা শরিফ মাজারে ওরশকে কেন্দ্র করে উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত মাজার শরিফ ও তার আশপাশের এলাকায় এ আদেশ বলবত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাজার শরিফে প্রতিবছর ২২ ও ২৩ ফেব্রুয়ারি বার্ষিক ওরশ হয়ে থাকে। কিন্তু এ বছরে পীরের বড় ছেলে (ভারপ্রাপ্ত গদীনাসিন পীর) খাজা সোহরাব আলী মিয়া পরিবারের সঙ্গে আলোচনা না করে ২২ জানুয়ারি থেকে আকষ্মিক ওরশ শুরু করেন।
“পীরের ছোট ছেলে খাজা আব্দুস সালাম ও মেয়ে খাজা জুলিয়া খাতুন ওরস বন্ধের জন্য লিখিতভাবে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। এতে দু’পক্ষের ভক্ত-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।”
শান্তি-শৃংখলা রক্ষায় মাজার শরিফের আশপাশের ১০০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ইউএনও।
