‘পুলিশ রাজনৈতিক হাতিয়ার নয়’
পুলিশ বাহিনী যাতে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সেবা দিতে পারে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কোনো ইচ্ছা সরকারের নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না। জনগণের সেবা করাই পুলিশের কাজ।
“আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা পুলিশের কর্তব্য। সে অনুযায়ী পুলিশ কাজ করবে।”
সরকার বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।
শেখ হাসিনা বলেন, “পুলিশের পেশাদারীত্ব এখন প্রশংসিত হচ্ছে। মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে।”
কোনো পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় আহত হলে অনুদানের অর্থ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ এবং মারা গেলে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ আমরা জানি, পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।”
সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে বিভিন্ন পদকের সম্মানীভাতা বৃদ্ধি করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সাহসিকতা ও কৃতিত্বের জন্য’ ৬৭ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
র্যাবে দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন পদকপ্রাপ্তদের মধ্যে।
এবার মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন কক্সবাজারের উপ পরিদর্শক পরেশ কুমার কারবারী। তার ছেলে মিঠু কুমার ত্রিপুরার হাতে ওই পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
এছাড়া পুলিশ সাত সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক এবং পুলিশ ও র্যাবের ৫৯ জন সদস্যকে রাষ্ট্রপতি পুলিশ পদক দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সকালে রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তার জন্য নির্দিষ্ট মঞ্চে দাঁড়ালে প্রথমে তাকে সশ্রস্ত্র সালাম জানায় পুলিশের একটি চৌকস দল। এ সময় বাদক দল জাতীয় সংগীত বাজায়।
প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শনের পর অধিবাদন গ্রহণ করেন। তিনি ভাষণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণার পর প্যারেড কমান্ডারদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সময়ে পুলিশের সশস্ত্র প্রতিরোধের কথা স্মরণ করেন।
তিনি বলেন, “আমাদের সরকারের চার বছর পূর্ণ হয়েছে। দেশ ও জাতির কল্যাণে এ চার বছরে আমরা যে বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছি, তাতে পুলিশ বাহিনীরও অবদান রয়েছে।...দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশ বিশেষ ভূমিকা পালন করেছে।”
পুলিশের কর্মকাণ্ডের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও বিডিআর হত্যাযজ্ঞের তদন্তসহ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসিত হয়েছে।
এসআই/সার্জেন্ট পদকে দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে উন্নীত করার কথাও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “পদমর্যাদা বাড়ানোর সাথে সাথে জনগণও যাতে উন্নত সেবা পায় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে।”
“আমি আশা করি, আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা কাজ করবেন। ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ করবেন”, যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট না হওয়ায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদ সৃষ্টি করা হয়।
“এর মধ্যে ৫০০টি ক্যাডার পদসহ ২৭ হাজার ৫১৬টি নতুন পদ সৃষ্টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে পুলিশের সমতা বেড়েছে। পদোন্নতিরও সুযোগ সৃষ্টি হয়েছে।”
ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম ইউনিট গঠনের কাজ শিগগিরই শেষ হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতাবিরোধী চক্রের অপতৎপরতা রোধ এবং জঙ্গীবাদ দমনে পুলিশের এ বিশেষায়িত ইউনিট কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশ পুলিশের সদস্যদের কর্মকাণ্ডেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অপরাধী শনাক্তকরণ এবং তথ্য সংগ্রহে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ই-পুলিশিং বাস্তবায়নে’ বিশেষ দক্ষতা অর্জন করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ সশস্ত্র বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
