‘জাতীয় স্বার্থ’ রক্ষা করে বিশ্ব ব্যাংককে জবাব দেবে দুদক
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত নিয়ে বিশ্ব ব্যাংক প্যানেলের চিঠির জবাব পাঠানোর ক্ষেত্রে ‘জাতীয় স্বার্থ’ রক্ষা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান।
রোববার সন্ধ্যায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি এখনো কোনো চিঠিতে স্বাক্ষর করিনি, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ব ব্যাংক প্যানেলকে চিঠি পাঠানো হবে।
“চিঠি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্ব ব্যাংকের তদন্ত প্যানেলের প্রতিবেদন।জাতীয় স্বার্থ রক্ষা করে চিঠি দেয়া হবে।”
ফাইল ছবি
গত মঙ্গলবার পদ্মা সেতু দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের কাছে পাঠানো বিশ্ব ব্যাংক প্যানেলের সর্বশেষ চিঠিটি গণমাধ্যমে প্রকাশিত হয়।
আনিসুল হক বলেন, “আমরা তাদের চিঠির উত্তর প্রস্তুত করে ফেলেছি। তাদের যা যা প্রশ্ন ছিল তার সব জবাব এতে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চিঠি পাঠানো হবে।”
বিশ্ব ব্যাংক প্যানেলের চিঠিতে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র অভিযোগে দুদকের করা মামলাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বিশ্ব ব্যাংকের প্যানেল।
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আসামি না করা নিয়ে বিশ্ব ব্যাংক প্যানেল অসন্তুষ্ট বলে প্যানেলের প্রধান গাব্রিয়েল লুইস মোরেনো ওকাম্পোর লেখা চিঠিতে প্রকাশ পেয়েছে ।
তবে দুদক চেয়ারম্যান এর আগে সাংবাদিকদের বলেন, কোনো দালিলিক প্রমাণ ছাড়া আবুল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব নয়।
সাবেক যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রশ্নের জবাবে দুদক কী উত্তর দিয়েছে- জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন,“ইনকোয়্যারি চলছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। তবে দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থায়ন স্থগিত এবং বাতিল করলে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ আটকে যায়।
সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক প্রকল্পে ফিরলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তের ফলাফল পর্যবেক্ষণ করে অর্থ দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সংস্থাটি জানায়।
তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।
দলটি গত অক্টোবর ও ডিসেম্বরে বাংলাদেশ সফর করে। এর পরই গত ১৭ ডিসেম্বর সাতজনকে আসামি করে মামলা করে দুদক। মামলায় সাবেক যোগাযোগমন্ত্রীর নাম ছিল না।
তদন্ত প্রতিবেদন ও মামলার এজাহারের বিস্তারিত বিবরণও পাঠানো হয় বিশ্ব ব্যাংককে। ৯ জানুয়ারি বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ দলটি দুদককে এ বিষয়ে চিঠি দেয়।
বিশ্ব ব্যাংকের শর্ত হচ্ছে, দুর্নীতির তদন্ত কার্যক্রম সম্পূর্ণ,সঠিক, স্বচ্ছ, পর্যাপ্ত ও নিরপেক্ষ হলেই অর্থায়নে ফিরে আসবে বলে জানিয়েছে দাতা সংস্থাটি।
