২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের মুক্তির বাধা কাটাতে হাই কোর্টে আবেদন

 মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে একটি আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 10:36 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এক মামলায় জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তারের ফলে কারাকার থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তি আটকে যাওয়ার প্রেক্ষাপটে রোববার এই আবেদন হয়েছে।

রিট আবেদনটি উপস্থাপন করা হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ সোমবার দুপুরের পর শুনানির সময় নির্ধারণ করে।

মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী মো. সগীর হোসেন লিওন হাই কোর্টে আবেদনটি করে। আদালতে তা উপস্থাপন করেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, মুখ্য মহানগর হাকিমের আদালতের ডিসি (প্রসিকিউশন), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার আইজি (প্রিজন্স), লালবাগ ও উত্তরা থানার ওসি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার, গাজীপুরের এসপি, কাশিমপুর কারাগার-২ কে।

জামিন পাওয়ার পর যথাযথ আদালত কর্তৃক ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানা এবং আইনের যথাযথ বিধান ছাড়া মির্জা ফখরুলকে গ্রেপ্তার না করার নির্দেশনা কেন দেয়া হবে না-  আবেদনে এই রুল চাওয়া হয়েছে।

যেসব মামলায় প্রাথমিক প্রতিবেদনে আসামির কলামে ফখরুলের নাম নেই। সেসব মামলায় তাকে গ্রেপ্তার না করতে অন্তর্বর্তীকালীন নির্দেশনাও চাওয়া হয়েছে।

অবরোধের ভাংচুরের দুই মামলায় গত ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি জামিন পেলেও নতুন আরো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।