‘পিলখানার আতঙ্ক আর যেন না ফেরে’
বিডিআর বিদ্রোহের মতো সহিংসতার ঘটনা আর কখনো কোনো বাহিনীতে যাতে না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অনুষ্ঠানে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া সেই বিদ্রোহের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “সমস্যা থাকলে সমাধান করা যায়। ওই ধরনের ঘটনার প্রয়োজন ছিল না। সমস্যা থাকলে আমাদের সময় দিলে আমরা সমাধান করতাম।”
সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ শুধু এই বাহিনীকে নয়, আমি সব বাহিনীকে অনুরোধ করব- ভবিষ্যতে যেন এ রকম আত্মঘাতী সংঘাত না ঘটে, সেদিকে নজর দিতে হবে।”
রোববার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নবগঠিত চারটি রিজিয়ন ও চারটি ইউনিটের পতাকা উত্তোলন করেন। পরে তিনি বিশেষ দরবারে যাগ দেন।
বিজিবির নবগঠিত এই অঞ্চলগুলো মধ্যে উত্তর-পশ্চিম রিজিয়নের সদর দপ্তর রংপুরে, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সদর দপ্তর যশোরে, উত্তর-পূর্ব রিজিয়নের সদর দপ্তর সরাইলে এবং দক্ষিণ-পূর্ব রিজিয়নের সদর দপ্তর চট্টগ্রামে।
আর ইউনিট চারটি হলো- বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি), ইনফরমেশন অ্যন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ব্যাটালিয়ন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও তারেক সিদ্দিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এই আটটি পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে বিশেষ দরবারে শেখ হাসিনা বিজিবি সদস্যদের বলেন, “সীমান্ত ব্যবস্থাপনা, সামরিক প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে আপনাদের প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ নুতন আঙ্গিকে সাজানো হয়েছে।”
বিজিবি গঠনের পর ইতোমধ্যে প্রায় ১০ হাজার সদস্য নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিজিবি সদস্যদের পেনশন, টাইম স্কেল ও বেতন সমতা সংক্রান্ত কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।”
সম্প্রতি মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং রামুর বৌদ্ধ বিহার ও জনবসতিতে হামলার ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বাহিনীতে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণ এবং শৃঙ্খলা মেনে চলা প্রয়োজন। আমাদের সরকার প্রশিক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে। আপনাদের মধ্যে শৃঙ্খলা যাতে কোনভাবেই ব্যাহত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
দরবারের শুরুতেই প্রধানমন্ত্রী দশজন সুবেদার মেজরকে সহকারী পরিচালকের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। তারা পরে উপ-পরিচালক হবেন।
বিজিবির এক সৈনিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এ বাহিনীর সৈনিকদের একটানা ছুটি বাড়িয়ে ৬০ দিন করা হবে। তবে এর জন্য একটি শর্তও দেন তিনি।
“একটানা ৬০ দিন ? এই তো ? তবে, আমরা একটা শর্ত আছে। ছুটিতে গ্রামে গিয়ে চাষাবাদ বা উৎপাদনমূলক কাজ করতে হবে।”
সৈনিক হায়দার জাহানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিজিবি হাসপাতালে সাধারণ সৈনিকদের বাবা-মায়েরও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিডিআর বিদ্রোহের ঘটনা মনে করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই বিডিআরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা তখন দেশকে সম্ভাব্য গৃহযুদ্ধের মতো একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারতো।”
এছাড়া বিডিআর বিদ্রোহ এবং পরবর্তী সময়ে এ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যারা কঠোর পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭টি ইউনিটের ৬ হাজার ৪১ জনের বিচার ‘সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে’ শেষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব মামলায় ৫ হাজার ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
“হত্যাকাণ্ডসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের জন্য ৮৫০ জনের বিরুদ্ধে বিচার দেশের প্রচলিত আইনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে অব্যাহত রয়েছে। বিচার কাজ দ্রুত শেষ হবে”, বলেন তিনি।
বিডিআর বিদ্রোহের পর ২০১১ সালের ২৩ জানুয়ারি বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবার পিলখানায় গেলেও এবারই তিনি বিশেষ দরবারে যোগ দিলেন।
শেখ হাসিনা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনা সাধারণ মানুষের কাছে বিডিআরকে প্রশ্নবিদ্ধ করেছে।
“নতুন নামকরণ করেছি। না হলে এই বাহিনীর প্রত্যেক সদস্যকে কলঙ্কের বোঝা নিয়ে চলতে হতো”
বিজিবির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিজিবি আইন-২০১২ অনুযায়ী এই বাহিনীকে আধা-সামরিক বাহিনী বলা হয়েছে। এই আইনের আওতায় জুনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে সহকারী পরিচালক এবং উপ-পরিচালক পদে পদায়ন করার সুযোগ তৈরি করা হয়েছে।
সীমান্ত রক্ষায় বিজিবিকে আরো কার্যকর করতে বাহিনীর সম্প্রসারণ এবং আধুনিকায়নের পদক্ষেপ নেয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
“ইতিমধ্যে আমরা বর্ডার গার্ড বাংলাদেশের নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছি।”
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিজিবি সদস্যদের পারিবারিক রেশন ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা, যোদ্ধা নন- এমন সদস্যদেরও সীমান্ত ভাতা দেয়া, প্রতিটি বিওপিতে চারটি করে মোটর সাইকেল প্রদান, প্রত্যন্ত অঞ্চলের ১৮০টি বিওপিতে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেয়, ১৬৫টি বিওপিতে সোলার প্যানেল স্থাপন করার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
সীমান্ত এলাকায় ৯৩৫ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ধাপে ধাপে আমরা সম্পূর্ণ সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ করব।”
প্রধানমন্ত্রী বলেন, বিজিবির সব সদস্য যাতে সহজে চিকিৎসাসেবা পান, সেজন্য চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁওয়ে আরো তিনটি হাসপাতালের নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিন বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
