সন্ত্রাসীর গুলিতে কলেজছাত্র আহত
নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে রোববার সকাল ১০টার দিকে শহরের গেঞ্জি পট্টির মোড়ে এই ঘটনা ঘটে। আহত রাসেল নরসিংদী সরকারী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সে শহরের বৌয়াকুড় মহল্লার আ. ছাত্তারের ছেলে।
নরসিংদী থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রাসেল চুল কাটার জন্য একটি স্যালুনে যান। এসময় আল আমিন (২২) নামে এক সন্ত্রাসী জরুরী কাজ আছে বলে তাকে রাস্তায় ডেকে নিয়ে আসে। এরপর শান্ত নামের (২২) আরেক সন্ত্রাসী রাসেলকে উদ্দেশ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত রাসেলকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশ ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
