ইবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা হয়েছে।
এছাড়া সংঘর্ষের পর আটক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাতেই এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে একটি এবং ইবি প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লু বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
এ দুই ছাত্র সংগঠনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ ও ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিসহ ১০ জনকে আটক করে।
ইবি থানার ওসি আতিয়ার রহমান বলেন, ছাত্রলীগ সহ-সভাপতি তৌফিকুর রহমান হিটলারের করা মামলায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়।
সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে আগামী সোমবারের মধ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রদল। অন্যথায় ছাত্র ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলনের হুমকি দেয়া হয়।
একই সঙ্গে ছাত্রদলের উপর হামলার ঘটনায় উস্কানি ও প্রত্যক্ষ মদদের দেয়ার অভিযোগে প্রক্টোর ও ছাত্রউপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তারা শনিবার সব শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেন- নিরাপত্তার কারণে তারা ক্যাম্পাসে যেতে পারবেন না। প্রয়োজনে কুষ্টিয়া শহরে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ফলে চারমাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর গত ১২ জানুয়ারি শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দেন।
এর আগে ছাত্রলীগ সমর্থকরা আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালায়। তাদের মারধর করে।
এ পরিপ্রেক্ষিতে ‘নিরাপত্তার’ কারণে ক্যাম্পাসে আসতে না পারায় ক্লাস-পরীক্ষা শুরু করা যাচ্ছে না বলে দাবি করছেন আন্দোলনরত শিক্ষকরা।
