‘জাতীয় স্বার্থে এক হতে না পারা দুর্ভাগ্য’
জাতীয় কোনো স্বার্থে মতৈক্যে পৌঁছাতে না পারাটা জাতিগতভাবে দুর্ভাগ্যের বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে শিক্ষক রাজনীতি: উচ্চশিক্ষায় অর্জন, সংকট ও সম্ভাবনা’ শিরোনামের এক সেমিনারে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র-শিক্ষক রাজনীতি চলছে তাতে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, “আগে ছাত্র-শিক্ষকরা আন্দোলন করতেন দেশের জন্য কিংবা কোনো অধিকার আদায়ের জন্য। তখন এটাকে ছাত্র-শিক্ষক আন্দোলন বলা হত। কিন্তু এখন বলা হয়, ছাত্র বা শিক্ষক রাজনীতি।
“এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি এসে পড়েছে। কিছু শিক্ষক যে এর সঙ্গে জড়িত, সেটিও অস্বীকার করার উপায় নেই।”
হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “বাঙালি জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে, আমরা জাতীয় কোনো স্বার্থে এক হতে পারি না। ৬২ বছর আগে যে জাতি ভাষার জন্য অকাতরে প্রাণ দিয়েছে সে জাতির অর্ধেক মানুষ এখনো মাতৃভাষার অক্ষরের সঙ্গে পরিচিত নয়। এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “রাজনীতি হতে হবে দেশের কল্যাণে। সত্য ও বস্তুনিষ্ঠ রাজনীতি আমাদের সবার কাম্য। স্বাধীনতা যুদ্ধের সময় এত শিক্ষকরা রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে বিজয়ের আগ মুহুর্তে তাদের প্রাণ দিতে হয়েছিল।”
মূল প্রবন্ধে ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে দিনবদলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সরকারের ত্রিপক্ষীয় উদ্যোগ নিতে ১০টি প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, “উচ্চ শিক্ষার সাম্প্রতিক চালচিত্রের যথার্থ বর্ণনা দিতে হলে কবি শামসুর রাহমানের পঙক্তি একটু বদলিয়ে বলতে হবে, অদ্ভূত এক উটের পিঠে চলছে উচ্চশিক্ষা।
“উচ্চশিক্ষাকে এই অদ্ভূত উটের পিঠ থেকে নামিয়ে একটি তেজি ঘোড়ার পিঠে বসিয়ে দেয়া প্রয়োজন। গোটা শিক্ষাব্যবস্থার খোলনলচে বৈপ্লবিক পরিবর্তন আনাও এক্ষেত্রে জরুরি।”
বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, প্রতিটি সরকার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা নিজস্ব পদ্ধতি অবলম্বন করে যার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করে । তাদের এই নিজস্ব পদ্ধতিই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ সংশোধনে বিভিন্ন সরকারের অনীহার কথাও তুলে ধরেন তিনি।
এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশ সংশোধনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। আদেশ পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনে শিক্ষকদের পক্ষ থেকে সুচিন্তিত মতামত প্রত্যাশা করছে সরকার।
তিনি বলেন, “৭৩ এর আদেশ প্রণয়নের সময় অনেক আলোচনা-পর্যালোচনা হয়েছে। তবে তার মানে এটা নয় যে, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারবে না।”
“এ অধ্যাদেশ যদি শিক্ষক-শিক্ষার্থীদের সহায়ক না হয়, তবে অবশ্যই তা সংশোধন করা হবে। তবে শুধু দাবি জানালে হবে না, সমস্যা সমাধানের আশু পদক্ষেপ কী হতে পারে তাও শিক্ষকদের কাছ থেকেই আসতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব রনির সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মামুন আহমেদ।
এদিন সাংবাদিক সমিতির ত্রৈমাসিক সাময়িকী ‘প্রস্তাব’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
