২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সদস্যার ‘শ্লীলতাহানির’ অভিযোগে এসআই ক্লোজড

রংপুরের কাউনিয়া উপজেলায় এক মহিলা ইউপি সদস্যের শ্লীলতাহানির অভিযোগে কাউনিয়া থানার এসআই খায়রুল আলমকে বুধবার রাতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকাবাসী ও বিভিন্ন নারী সংগঠন। 

দুপুর ১২টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে কাউনিয়া বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সম্ভ্রমহানির শিকার ইউপি সদস্য রওশন আরা বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক জমসেদ আলী, যুবলীগ নেতা ইউসুফ আলী, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রীতা রানী প্রমুখ।

রওশন আরা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।যুবলীগ নেতা জমসেদ আলী তার স্বামী।

রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমার স্বামী ও ভাসুরসহ বেশ কয়েকজনের নামে কাউনিয়া থানায় দুটি মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল এজাহার থেকে আমার স্বামী ও ভাসুরের নাম বাদ দেয়ার আশ্বাস দিয়ে আমাকে একাধিকবার কুপ্রস্তাব দেন।তখন আমি তাকে শাসনও করি।”

তিনি আরো অভিযোগ করেন, অভিযোগপত্র থেকে ওই দু’জনের নাম বাদ দেয়া হয়েছে এমন খবর দিয়ে নতুন অভিযোগপত্রের ফটোকপি নেয়ার জন্য গত ৬ ডিসেম্বর বিকালে তাকে থানায় ডেকে নিয়ে যান এসআই খায়রুল।সেখানে যাওয়ার পর তাকে থানা সংলগ্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদের দোতলায় নিয়ে যাওয়া হয়। এসময় ঝাপটে ধরে তার শ্লীলতাহানি করেন এই পুলিশ কর্মকর্তা।

অবশ্য এসআই খায়রুল আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, “মামলার অভিযোগপত্র থেকে ওই ইউপি সদস্যের স্বামী ও ভাসুরের নাম বাদ দেয়ার কোনো সুযোগ নেই।তার কথা না রাখায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

জেলার পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন,  অভিযুক্ত এসআইকে ক্লোজড করা হয়েছে।তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।