বাকৃবিতে ছাত্রলীগের দুই পক্ষে দিনভর সংঘর্ষ
পূর্ব বিরোধের জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ হয়েছে।
এ সসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের কিছু ছাত্রলীগ কর্মীর সঙ্গে ঈশা খাঁ হলের ছাত্রলীগ কর্মীদের পূর্ব বিরোধ মীমাংসার চেষ্টা কালে সংঘর্ষের সূত্রপাত হয়।
ঈশা খাঁ হলের কর্মীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী এবং বঙ্গবন্ধু হলের কর্মীরা ছাত্রলীগ সভাপতির অনুসারী।
বুধবার সভাপতির পক্ষের কর্মীদের হামলায় সাধারণ সম্পাদক পক্ষের মুনতাকা, অরিন, তুহিন, মাসুদ, জোবায়ের ও নয়নসহ আট জন আহত হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সংঘর্ষ সাধারণ সম্পাদক নিয়ন্ত্রিত অন্য পাঁচটি হলে ছড়িয়ে পড়লে ওইসব হলের ছাত্রলীগ কর্মীরা ঈশা খাঁ হলের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয়। তারা সভাপতি নিয়ন্ত্রিত তিনটি হলের ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে দফার দফায় ধাওয়া পাল্টাধাওয়া চলতে থাকে।
এদিকে বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভরও উভয় পক্ষ দফার দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের সামনে কৃষি অনুষদের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থী নিবিড়ের উপর হামলা করে সাধারণ সম্পাদকের অনুসারীরা।
বঙ্গবন্ধু হলে এ খবর ছড়িয়ে পড়লে ওই হলের কর্মীদের পাল্টা হামলায় সাধারণ সম্পাদক পক্ষের নেতা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রানা গুরুতর আহত হন।
অবশ্য ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিলো নীরব।
ভারপ্রাপ্ত প্রক্টোর সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত এবং সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিহিংসার ফল। এটা যাতে রাজনৈতিক দিকে না গড়ায় সেদিকে আমরা নজর দিচ্ছি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, নিজেদের ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী নিজেদের মধ্যে মারামারি করছে। আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
