২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যবিপ্রবিতে নির্মাণকাজ বন্ধ করে দিল চাঁদাবাজরা

চাঁদাবাজদের কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মিনার, শিক্ষার্থীদের আবাসিক হল ও ক্যাফেটোরিয়ার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার সকাল থেকেই এ নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার নূর হোসেন। উপাচার্য প্রফেসর ড. আব্দুর সাত্তারকেও তিনি বিষয়টি অবহিত করেছেন। 

নূর হোসেন জানান, তিনি এবং ঠিকাদার কাজী মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ কোটি টাকার নির্মাণকাজ করছেন। বিভিন্ন সময়ে বহিরাগত কিছু সন্ত্রাসী এসে ১০ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবিসহ তাদেরকে নানাভাবে নাজেহাল করছেন।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের সাজিয়ালী ও নিশ্চিন্তপুর গ্রামের ইউনুস আলী, শাহাবুদ্দিন, আলাউদ্দিন, আলম, জসিম উদ্দিন, খায়ের, হান্নান, অজিতসহ একদল সন্ত্রাসী যবিপ্রবি ক্যাম্পাসে ঢুকে কর্মরত শ্রমিকদের কাছ চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা সহকারী ঠিকাদার আজগরকে মারপিট করে।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে শ্রমিকরা নির্মাণকাজ বন্ধ করে দেয়।

উপাচার্য প্রফেসর ড. আব্দুর সাত্তার জানান, ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।