২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক অপহরণকাণ্ডে জাবির ৪ ছাত্র বহিষ্কার

এক কলেজ শিক্ষককে মুক্তিপণের দাবিতে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চার ছাত্রকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 02:54 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র ও ছাত্র ইউনিয়ন নেতা জাবির হোসেন, ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের শফিক আলম, দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের শাহেদ শাহ ও ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আনিসুজ্জামান সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চারজনের ছাত্রত্ব স্থগিতসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত ১৪ জানুয়ারি গাইবান্ধার এক কলেজ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে আটকে রেখে নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগে র‌্যাব ওই চার ছাত্রকে গ্রেপ্তার করে।

ডিসিপ্লিনারি বোর্ডের সভায় বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।