২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সুযোগ

বাম দলগুলোর ডাকা হরতালে বুধবার বন্দর নগরী থেকে আশপাশের উপজেলায় কিছু গাড়ি চললেও তাতে চড়ে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।

তাবারুল হক

প্রতিবেদক, চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল ছিল। ওই সময় পর্যন্ত বাসভাড়া দ্বিগুণ আদায় হলেও ১২টার পর তা স্বাভাবিক হয়।

যানবাহনের চালকরা বলছেন, হরতালে ঝুঁকি নিয়ে তারা গাড়ি চালাচ্ছেন বলে ভাড়া বেশি নিচ্ছেন। অন্যদিকে যাত্রীরা বলছেন, এর মাধ্যমে হরতালের ‘সুযোগ’ নিয়েছেন গাড়িচালকরা।

সরেজমিনে দেখা যায়, হাটহাজারী উপজেলা থেকে অক্সিজেন, ২ নম্বর গেট ও মুরাদপুর সকাল থেকে গাড়ি চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে ভাড়া ছিল দ্বিগুণ।

বেশি ভাড়া নেয়ার কারণ জানতে চাইলে এক রাইডারের চালকের সহযোগী মো. আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হরতালে গাড়ি বের করার কথা ছিল না।

“তবে মানুষের ভিড় দেখে ঝুঁকি নিয়েও গাড়ি চালানো শুরু করেছি। এ জন্য ভাড়া বেশি নিচ্ছি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত নির্ধারিত ভাড়া আট টাকার বদলে ২০ টাকা আদায় করা হয় বলে জানান যাত্রী আমিনুল ইসলাম জুয়েল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা হরতালের কথা বলে সেই সুযোগে বেশি ভাড়া নিচ্ছে। এখন যেতে হবে, তাই বিপদে পড়েছি আমরা।”

নগরী থেকে সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকায় চলাচল করা গাড়িতে নির্ধারিত ভাড়ার বেশি টাকা আদায় করতে দেখা গেছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আধাবেলার এই হরতাল ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা মিছিল করলেও কোনো গোলযোগ হয়নি। হরতালের পুরো সময় দূরপাল্লার গাড়ি চলাচল ছিল বন্ধ।