২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কেন্দ্রের কাজ শুরু এই বছরই

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ এই বছরই শুরুর আগ্রহ দেখিয়েছেন রাশিয়ার আনবিক শক্তি কর্পোরেশনের (রোসাটম) প্রধান।

সুমন মাহবুব

মস্কো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 02:57 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঢাকা-মস্কোর রাশিয়া চুক্তির পরদিন বুধবার শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই পরিকল্পনার কথা জানান রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরেনকো।

পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা করছে রাশিয়া। এই প্রকল্পে ৫০ কোটি ডলার ঋণও দিচ্ছে তারা। 

পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত রাশিয়া থেকে সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে সরকার রূপপুরে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।

নিরাপত্তা ও প্রযুক্তির মানের ওপর নির্ভর করে এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটের প্রতিটি স্থাপনে ১৫০ থেকে ২০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

মস্কোর প্রেসিডেন্ট হোটেলে রোসেটম মহাপরিচালকের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাস্তব নির্মাণ কাজ চলতি বছরই শুরু করার কথা বলেছেন তিনি।”

নির্মাণ কাজ শুরুর আগে বাংলাদেশ ও রাশিয়া উভয় পক্ষেরই কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে জানিয়ে তা শেষ করার ওপর জোর দিয়েছেন রোসাটমের মহাপরিচালক।

প্রধানমন্ত্রীও বাংলাদেশের পক্ষের কাজগুলো দ্রুত শেষ করার কথা বলেছেন বলে বিজন লালদেব জানান।

প্রধানমন্ত্রী পারমাণবিক বর্জ্যের বিষয়টি তুললে কিরেনকো বলেন, ওই বর্জ্য রাশিয়া ফেরত আনবে।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে জনসচেতনতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

রোসাটমের মহাপরিচালক বলেন, তারা প্রস্তুত। এ জন্য অর্থায়নও রয়েছে। তারা দ্রুত জনসচেতনামূলক কাজ শুরু করবেন।

সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পরমাণু কেন্দ্রে অর্থায়নে রাশিয়ার সঙ্গে চুক্তি