২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ইউএনওর প্রত্যাহার দাবি এলাকাবাসীর

কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

রামু নাগরিক কমিটি উদ্যোগে বুধবার সকাল ১০টায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে এ কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে কয়েকটি অভিযাগ আনেন।

এরমধ্যে রয়েছে গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে সহিংস ঘটনায় ব্যর্থতা; শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অশোভন আচরণ; উপজেলা প্রশাসনে নানা অনিয়ম-দূর্নীতি। এছাড়া মানসিক নির্যাতনে গৃহবধূ জ্যোতিকা বড়–য়ার মৃত্যুর জন্যও এই ইউএনওকে দায়ী করা হয়।

মানববন্ধন শেষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি ও রামু নাগরিক কমিটির আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে একটি সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলু, ন্যাপ নেতা সৈকত বড়–য়া, রামু নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোজাফ্ফর আহমদ, ব্যবসায়ী মোক্তার আলম হেলালী, আওয়ামী লীগ নেতা কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রামু উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইউনুস রানা চৌধুরী, রামু উপজেলা সৈনিক লীগ সভাপতি ইউনুস খান, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বরের সভাপতি নীলোৎপল বড়–য়া প্রমূখ।