২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১১ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে সিলেটে ১১ জন নির্বাচিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:51 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার দুপরে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে নির্বাচিত শিশুদের হাতে সনদ তুলে দেয়া হয়।

এর আগে রোববার নগরীর মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাছাই পরীক্ষা ও শিশু সাংবাদিকদের কর্মশালা হয়।

নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জের পর সিলেটে এই শিশু সাংবাদিকরা নির্বাচিত হল।

সিলেটে নির্বাচিত শিশু সাংবাদিকরা হলো- শ্রাবন্তী পাত্র, জাকিয়া ফেরদৌস, জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা, ফারহিন শাহ ফরিদী, তাহমিনা নূর মৌলী, লাবাহ সুন্নাহ রহমান, শিল্পা সিনহা, মো. মনির হোসাইন, দিব্য জ্যোতি সী, আবুল কালাম আজাদ ও রাজন উরাং।

নির্বাচিত শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, শিশুদের অধিকার সচেতন করে তুলতে ও তাদের মেধা বিকাশে ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকমের এ প্রয়াস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে ভবিষ্যতে এ প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু সাংবাদিক অনুসন্ধান দলের প্রধান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো। সঞ্চালনায় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ।

সনদ বিতরণ অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেন মুজতবা হাকিম।

শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে সহযোগিতা করেন অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যেগে শিশুদের সংবাদ সেবা চালুর প্রস্তুতি হিসেবে শিশু সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।