২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতিতে রুশ মন্ত্রীর প্রশংসা

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে এক্ষেত্রে আরো উন্নতিতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফোরভ।

সুমন মাহবুব

মস্কো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার মস্কোয় প্রেসিডেন্ট হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। সফরের দ্বিতীয় দিনে শীর্ষ বৈঠকের আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন রুশ যোগাযোগমন্ত্রী।

Image
মস্কোয় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার

মস্কোয় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার

তথ্যপ্রযুক্তি খাতে রাশিয়ার অগ্রগতির চিত্র সরেজমিন দেখে সে অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠাতেও রুশ মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানিয়েছেন।

রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা গত চার বছরে তথ্য প্রযুক্তির প্রসারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

নিকোলাই নিকিফোরভ বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে খুব দ্রুত এগিয়েছে।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসারে রাশিয়া ২০০৯ সাল থেকে সহযোগিতা করে আসছে জানিয়ে এই খাতে বিনিয়োগ আরো বাড়ানোর আশ্বাস দেন তিনি।

নিকোলাই নিকিফোরভ জানান, চলতি বছর থেকে রুশ একটি কোম্পানি বাংলাদেশে ওয়ারলেস ইন্টারনেট সেবায় কাজ শুরু করবে।

রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান।