মাগুরায় ট্রাকচাপায় নিহত ৩
মাগুরা শহরের ভায়নার মোড়ে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- আবু হোসেন (৫০), শুকুরন নেছা (৬০), ফাতেমা (৫৫)। দুর্ঘটনায় আহত রাজা মিয়া (৬০) ও তৈয়ব আলীকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের বাড়ি সদর উপজেলার মঘি ইউনিয়নের মশিয়াডাঙ্গা গ্রামে। তারা আত্মীয় বলে ভ্যানচালক তৈয়ব আলী জানিয়েছেন।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহ থেকে মাগুরামুখী একটি বালুবোঝাই ট্রাক ভায়নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ভ্যান আরোহী হোসেন, শুকুরেন নেছা ও ফাতেমা ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ভ্যানচালক আহত তৈয়ব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শহরের রেজিস্ট্রি অফিস থেকে ভ্যানে করে যাত্রীদের নিয়ে মহিষাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন।
