২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটি: আপিল বিভাগে শুনানি রোববার

আশিয়ান সিটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিতের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

আশিয়ান সিটির করা এক আবেদনের শুনানি করে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

আদালতে আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। হাই কোর্টে রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাকে সহায়তা করেন আইনজীবী ইকবাল কবির লিটন।

আদেশের পরে ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, গত বুধবার আশিয়ান সিটি হাই কোর্টের আদেশ স্থগিতে চেম্বার বিচারপতি আদালতে আবেদন করেন। ওই আবেদনের উপর আজ (সোমবার) শুনানি হয়েছে। আদালত কোন স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। রোববার এর উপর শুনানি হবে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ২ জানুয়ারি হাই কোর্ট এ বিষয়ে বেশ কয়েকটি রুল জারি করে।

রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আশিয়ান সিটিতে সকল মাটি ভরাট এবং গণমাধ্যমে যে কোন ধরণের বিজ্ঞাপনসহ এর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত।

গৃহায়ন সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তারের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (তত্ত্বাবধায়ন ও বাস্তবায়ন) এবং আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

আশিয়ান সিটির অনুমোদন সংক্রান্ত সব কাগজপত্র আদালতে জমা দিতে আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়। এ পর্যন্ত তারা কতগুলো প্লট বরাদ্দ দিয়েছে তার একটি তালিকাও আদালতে জমা দিতে বলা হয় ওই আদেশে।

সব অবৈধ প্রকল্পে মাটি ভরাট, প্লট বিক্রি এবং বিজ্ঞাপন বন্ধে ববস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দেয় উচ্চ আদালত।