নেদারল্যান্ডস বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী
নেদারল্যান্ডস বাংলাদেশে তাদের বর্তমান বিনিয়োগ আরো বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স কারেল রিখটার।
বাংলাদেশে বিনিয়োগে ২০১২ সালে তৃতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডস চলতি বছরে দ্বিতীয় অবস্থানে আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এসময়ে তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে ২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।
সোমবার রাজধানীতে এক মতবিনিময় সভায় বিনিয়োগে দেশটির আগ্রহের কথা তুলে ধরেন দূতাবাস কর্মকর্তা।
দুদেশের ব্যবসায়ী পর্যায়ে তথ্য বিনিময় সংক্রান্ত সভাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস।
কারেল রিখটার বলেন, “২০১২ সালে আমরা এদেশে যুক্তরাজ্যের চেয়ে বেশি বিনিয়োগ করেছি। আমেরিকার ঠিক পেছনেই আছি। চলতি বছর আমরা বাংলাদেশে বিনিয়োগের দিক থেকে দ্বিতীয় অবস্থানে যেতে পারব বলে আশা করছি।”
নেদারল্যান্ডস বাংলাদেশে ২০১২ সালে ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে উল্লেখ করে কারেল বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে এটা একটি বড় সংখ্যা।
“আমরা যখন ব্যবসা করি তা দায়িত্বশীলতার সঙ্গে করার চেষ্টা করি। এদেশে নেদারল্যান্ডসের বিনিয়োগকারীরা শ্রমের পরিবেশ ভালো রেখে কাজ করে, সামাজিক দায়িত্বগুলো মেনে চলে ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব যথাসম্ভব কম রাখার চেষ্টা করে।”
ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, বাংলাদেশে অনেক খাত রয়েছে যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা এখনো বিনিয়োগ করতে পারেনি। সেখানে নেদারল্যান্ডসের বিনিয়োগকারীরা আগ্রহী।
বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ডাচ বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানান সবুর খান।
অনুষ্ঠানে ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা হামিদ, নেদারল্যান্ডস দূতাবাসের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট (পিএসআই) বাংলাদেশ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ব্যারি ব্রাউনস ও অর্থনৈতিক কর্মকর্তা মন্নুজান খানম বক্তব্য রাখেন।
এতে ডিসিসিআই পরিচালনা পরিষদের সদস্যরা ও নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
