২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মা-ছেলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় বেসরকারি ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের স্ত্রী ও ছেলের হত্যা মামলার আসামি সুমন সরকার টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার ভোর রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মামলার একমাত্র আসামি সুমনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। টিটু নিহত জয়ন্তের চাচাত ভাই।

গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নওগাঁ শহরের উকিল পাড়া মহল্লার ৬ তলা ভবন আল্টিমেট ড্রিম অ্যাপার্টমেন্টে খুন হন সাউথ ইস্ট ব্যাংকের নওগাঁর ব্যবস্থাপক জয়ন্ত সরকারের স্ত্রী নীতা সরকার ও ৬ বছরের ছেলে জয়তু সরকার।

এ ঘটনার পর জয়ন্ত একটি হত্যা মামলা দায়ের করেন, যার একমাত্র আসামি ছিলেন সুমন।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান সাংবাদিকদের জানান, নওগাঁয় হত্যাকাণ্ড ঘটানোর পর সুমন কুমিল্লায় আশ্রয় নেয়। সেখানে মাদক কেনা-বেচায়ও জড়িয়ে পড়ে সে।

সুমন পুলিশের কাছে স্বীকার করেছেন, জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে তা না পেয়েই হত্যাকাণ্ড ঘটান তিনি।