শহীদ মিনারে বাধা পেয়ে সোহরাওয়ার্দীতে শিক্ষকরা
কেন্দ্রীয় শহীদ মিনারে বাধা পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অনশনে বসেছেন এমপিও দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরণ অনশন কর্মসূচি পালন করতে এখন পর্যন্ত পুলিশের অনুমতি পাওয়া যায়নি।
“কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসতে না পেরে দুপুরের পর থেকে শিক্ষক-কর্মচারীরা সোহরাওয়ার্দী উদ্যানের উন্মক্ত মঞ্চে অনশনে বসেছেন।”
মঙ্গলবার জাতীয় সংসদের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
এমপিওভুক্তির দাবিতে গত সোমবার থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী।
সোমবার সকাল ১১টার দিকে শিক্ষকরা শহীদ মিনারে অনশনে বসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। শহীদ মিনার এলাকা থেকে শিক্ষকদের সরিয়ে দেয় পুলিশ।
পরে শিক্ষকরা শহীদ মিনারের আশেপাশে বিচ্ছিন্নভাবে মানববন্ধন করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়ে। এমতাবস্থায় দুপুরের পর থেকে শিক্ষকরা সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে অনশনে বসেন। অষ্টম দিনের মতো শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি চলছে।
রোববার জাতীয় মানবাধিকার কমিশনের সামনেও শিক্ষকদের কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ। পরে তারা কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানকে স্মারকলিপি দেন।
এর আগে গত কয়েক দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষকরা অনশনে বসতে গেলে তাদের ওপর মরিচের গুড়া স্প্রে করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।
পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।
এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
