চাঁপাইয়ে সংঘর্ষে ১ ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
রোববার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চারটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত নাইরুল ইসলাম (৪২) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলী বাবুপুর গ্রামের আব্দুস সোবহান খোকা বিশ্বাসের ছেলে।
এছাড়া গুরুতর আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার শাকিলুজ্জামান জানান, নয়লাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতা মোস্তাকুল আলম পিন্টুর সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ ঘটনার জেরে রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরামপুর, মিরাটুলি, কোদালকাটী ও সুন্দরপুর গ্রামে দুইপক্ষের লোকজন বোমা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বোমায় নাইরুল গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে আহত নাইরুল মারা যায়।
সংঘর্ষের সময় ৫০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান, পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান জানিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
